কুমিল্লার বরুড়ার পেরপেটি নিবাসি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন ও শাকপুর নিবাসি আবুল কালাম পাটোয়ারী তাদের বিরুদ্ধে কুমিল্লা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা ও স্থানীয় বিভিন্ন অনলাইন মিডিয়ায় পরিকল্পিতভাবে মানহানিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, সংবাদে যেসব অভিযোগ উল্লেখ করা হয়েছে এগুলো সব কাল্পনিক মিথ্যায় ভরা। এ ধরনের আর্থিক লেনদেনে ব্যক্তিগত ভাবে আমরা কখনও জড়িত ছিলাম না। একটি স্বার্থান্বেষী মহল কিছু ভুঁইফোড় পত্রিকা ও অনলাইন ব্যবহার করে আমাদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা প্রচার করছে। তারা বলেন সানলাইফ বিজনেস লি: নামে আমাদের কোন প্রতিষ্ঠান নেই।
সংবাদে মোহাম্মদ শাহাদাত হোসেনকে সানফ্লাওয়ার কো-অপারেটিভ সোসাইটি লি: এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক বলা হয়েছে প্রকৃত পক্ষে শাহাদাত হোসেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আবুল কালাম পাটোয়ারিও অত্র প্রতিষ্ঠানের এমডি নয় বলে তারা উল্লেখ করেন। আবুল কালাম পাটোয়ারি সানফ্লাওয়ার এর ২৬ জন পরিচালকের একজন পরিচালক মাত্র। যৌথ প্রতিবাদ লিপিতে তারা কাল্পনিক বক্তব্য দিয়ে সংবাদ পরিবেশনের জন্য তীব্র প্রতিবাদ জানান।
তারা আরো বলেন, শত শত গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হলেও এখানে একমাত্র মোবারক হোসেন নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। কে বা কারা কোটি কোটি টাকা সানফ্লাওয়ার বা আমাদের কাছে পাবেন তাদের নাম-ঠিকানা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকা এবং অনলাইন মিডিয়ার কর্তৃপক্ষকে তারা অনুরোধ জানান।